#মালবাজার: দশমীর রাতে সবাই যখন দুর্গা প্রতিমার নিরঞ্জন দেখতে নদীর ঘাটে সেই সময় ধারালো ভোজালি দিয়ে কাকাকে নৃশংস ভাবে খুন করলো ভাইপো। খুনের পর কাকার মৃতদেহ কলাঝোপে ফেলে দিয়ে গোবর ঢেলে দিল। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাও এলাকায়। মৃতের নাম হরি প্রসাদ শর্মা(৩৯)। ঘাতক ভাইপোর নাম বিনোদ শর্মা (২২)। ঘটনার পর ভাইপোকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে, তিস্তা নদীর পারে প্রত্যন্ত গ্রাম টটগাও বস্তি। এই গ্রামের একই বাড়িতে থাকতেন মৃত হরিপ্রসাদ শর্মা ও ভাইপো বিনোদ শর্মা। বাড়িতে অন্যান্য সদস্যরাও ছিল। এক প্রতিবেশী জানান, কাকা ও ভাইপো একই বাড়িতে থাকতেন।মাঝেমধ্যে তাদের মধ্যে ঝামেলা হত। দশমীর রাতে কাকা তার বিছনায় শুয়েছিলেন। সেই সময় ভাইপো একটি ধারালো ভোজালি দিয়ে কাকাকে আচমকা আঘাত করে। আচমকা আক্রমণে হতচকিত হয়ে প্রাণ বাঁচাতে কাকা দৌড়ে পালাতে যান।

সেই সময় দরজার কাছে দ্বিতীয়বার আবার আঘাত করে ভাইপো। কাকা মাটিতে পড়ে গেলে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর মৃতদেহ বাড়ির পিছনে কলা ঝোপে ফেলে দেয় এবং তার উপরে গোবর ঢেলে দেয়। নৃশংস এই ঘটনা ঘটানোর পর ঘাতক ভাইপো হাতমুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে স্বাভাবিক আচরণ শুরু করে। কিন্তু বাড়ির উঠানে রক্তের দাগ দেখে অন্যান্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে। ছুটে আছে প্রতিবেশীরা। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভাইপো বিনোদ শর্মাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গোটা টটগাও এলাকায় কাঞ্চন ছড়িয়েছে।










