#মালবাজার: পুজোর বাজারে টোটোর কিস্তি দিতে না পেরে ফাইন্যান্স কোম্পানির চাপে পরে আত্মহত্যা করলেন চালসার টোটোচালক ভাদে ওরাও(৪২)।চালসা আলী হুসেন পাড়ার বাসিন্দা ভাদে ওরাও শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানলেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। প্রতিবেশীরা তড়িঘড়ি মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সহকর্মীরা দাবি করছেন, এক ফাইন্যান্স কোম্পানির লাগাতার চাপই ভাদের আত্মহত্যার মূল কারণ। জানা গেছে, “আকাসা” নামে এক ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে টোটো কিনেছিলেন তিনি। প্রথমদিকে নিয়মিত কিস্তি দিলেও সংসারের টানাপোড়েনের কারণে মাসিক কিস্তি বকেয়া থেকে যায়। এরপর ফাইন্যান্স কোম্পানির কর্মীরা বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করতে শুরু করে।

বিষয়টি সহকর্মীদেরও জানিয়েছিলেন ভাদে। অবশেষে আর কোনো উপায় না দেখে টোটো কোম্পানিকে ফেরত দেন তিনি। ভাদে ওরাও চালসার পরিচিত মুখ ছিলেন। টোটোই ছিল তার একমাত্র উপার্জনের ভরসা। পুজোর মুখে টোটো না থাকায় গভীর হতাশায় ডুবে যান তিনি। বৃহস্পতিবার আত্মহত্যার আগে স্ত্রী ও দুই ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন এবং সহকর্মী টোটোচালকদের সঙ্গেও শেষ দেখা করেন।

কে জানতো তার এই আচরণের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ সিদ্ধান্ত! ঘটনার খবর চাউর হতেই সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় মানুষ ও সহকর্মীরা ফাইন্যান্স কোম্পানির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারে স্ত্রী ও দুই ছেলেকে রেখে অকালেই চলে গেলেন ভাদে ওরাও।









