Explore

Search

August 10, 2026 4:11 pm

IAS Coaching

উল্কা ক্লাবের দুর্গা পুজো ঘিরে রাজনৈতিক তাপ বাড়ছে ইটাহারে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বেশ কয়েকবছর পরে ফের জৌলুশ ফিরে এসেছে ইটাহার থানার উল্কা ক্লাবের দুর্গা পুজোয়। আলো-সাজ, প্রতিমা, মণ্ডপ—সব মিলিয়ে যেন পুরোনো দিনের আভিজাত্য ফিরে এসেছে। কিন্তু এই হারানো জৌলুশ ঘিরেই এখন ইটাহারে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন ও উত্তাপ।

উল্লেখযোগ্য, উল্কা ক্লাবের কর্ণধার হলেন ইটাহার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলে সক্রিয় না থাকলেও, সম্প্রতি আবারও জাতীয় কংগ্রেসে তাঁর প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকায়। পুজো উপলক্ষে তাঁর সক্রিয় উপস্থিতি সেই রাজনৈতিক গুঞ্জনকে আরও বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও রাজনৈতিক প্রশ্নে অমলবাবু মুখ খোলেননি, তবে এবছরের জমজমাট আয়োজনের কৃতিত্ব তিনি ক্লাব সদস্যদেরই দিয়েছেন। তাঁর কথায়, “এবার প্রতিমা ও প্যান্ডেল তৈরি করেছেন গঙ্গারামপুরের শিল্পীরা। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সাজানো হচ্ছে। প্রতিবারের মতো এবারও বসবে মেলা, থাকছে আদিবাসী গোষ্ঠীর বিশেষ অনুষ্ঠান।”

স্থানীয় সূত্রের দাবি, পুজোর এই নবজাগরণকে ঘিরে ইটাহারের রাজনৈতিক সমীকরণে সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত মিলছে। উল্কা ক্লাবের দুর্গা পুজো যে শুধু সাংস্কৃতিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে—তা নিয়ে আর কোনো সন্দেহ নেই।

Advertisement
Live Cricket Score
upskillninja