Explore

Search

June 25, 2026 3:19 pm

IAS Coaching

বাংলা ও বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এবার টোটোতে মহিষাসুর মর্দিনী শোনাবে তৃণমূল

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাত পেরোলেই মহালয়ার পূণ্য তিথি। এই তিথিকে ঘিরে রায়গঞ্জ শহরে বিশেষ উদ্যোগ নিল শহর তৃণমূল কংগ্রেস। রবিবার ভোরে শহরের রাস্তায় টোটোতে মাইক বেঁধে বাজানো হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর সৃষ্টি মহিষাসুর মর্দিনী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ও বাঙালির ঐতিহ্যকে আরও ছড়িয়ে দিতে এবং আবহকে প্রাণবন্ত করে তুলতেই এই পদক্ষেপ।

শুধু তাই নয়, খরমুজা ঘাটে আয়োজন করা হয়েছে পিতৃতর্পণের। সকাল থেকে সেখানে থাকবে আনুষ্ঠানিক আয়োজন। এ প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশংকর রায়চৌধুরী বলেন, “মহালয়া বাঙালির কাছে আবেগের দিন। একদিকে ভোরে ভোরে শহর জুড়ে বাজবে মহিষাসুর মর্দিনী, অন্যদিকে খরমুজা ঘাটে পিতৃতর্পণ—এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চাই সবাই ঐতিহ্যের স্রোতে সামিল হোক।”

রাজনৈতিক কর্মকাণ্ডের এমন উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শহরে কৌতূহল তৈরি হয়েছে। মহালয়ার আবহে এবার টোটোতে মহিষাসুর মর্দিনী বাজবে, যা নিঃসন্দেহে রায়গঞ্জ শহরের সকালকে অন্য মাত্রা দেবে।

তবে এসব দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, এসব হল নাটক। রেডিওতে মহিষাসুর মর্দিনী বাজবে, তার একটা ঐতিহ্য ও সময় আছে। এরা নাটক করতে গিয়ে তার আভিজাত্য নষ্ট করছে।

Advertisement
Live Cricket Score
upskillninja