Explore

Search

June 25, 2026 5:53 pm

IAS Coaching

টিফিনের পয়সা বাঁচিয়ে পথশিশুদের হাতে নতুন জামার অর্থ দিল খুদে পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সাউথ দেবীনগর অবৈতনিক প্রাথমিক স্কুলে এক অনন্য মানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা স্কুল পরিবার। দুর্গাপুজোর প্রাক্কালে এই স্কুলের খুদে পড়ুয়ারা নিজেদের টিফিনের পয়সা জমিয়ে গড়ে তুলল এক মানবিক দৃষ্টান্ত। ছাত্র সংসদের মাধ্যমে তারা সেই অর্থ তুলে দিল পথশিশু ও অনাথ ছেলেমেয়েদের নতুন জামা কেনার জন্য।

এই উদ্যোগকে ঘিরে স্কুল প্রাঙ্গণে যেন উৎসবের আবহ। স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা সরকার বলেন, “শুধু পাঠ্যপুস্তক পড়ানোই নয়, জীবনের মূল্যবোধ শেখানোই আমাদের লক্ষ্য। খুদে পড়ুয়ারা যে টিফিনের টাকাও সঞ্চয় করে মানবিকতার পরিচয় দিতে পারে, সেটাই সবচেয়ে বড় শিক্ষা।”

শিশু সংসদের তহবিলে কারও ২০০ টাকা, কারও ১০০ টাকা, কারও আবার ৫ বা ১০ টাকা—এইভাবে একেকজন খুদে পাঠক নিজের সামর্থ্য অনুযায়ী দান করেছে। ঈপ্সিতা দাস ২০০ টাকা, অনিশা শিকদার ১০০ টাকা, তিন্নি ১০ টাকা, আয়ুশি ১০ টাকা, নীহারিকা ২০ টাকা, সৃজা ৫ টাকা, সোনা ৫ টাকা, সিদ্দিকা ৫ টাকা, বন্দনা ২০ টাকা, দিপালী ১০ টাকা—এভাবে আরও অনেকে এগিয়ে এসেছে।

শিশুরা বলছে, টিফিনে একদিন কম খাবো, কিন্তু অন্য কেউ যদি নতুন জামা পরে হাসতে পারে, সেটাই আসল আনন্দ। মঙ্গলবার দুপুরে বাগানবন্ধু নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে এই অর্থ তুলে দেয় তারা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু সংসদের হাতে জমা পড়া এই অর্থ দিয়ে দুর্গাপুজোর আগে নতুন জামা তুলে দেওয়া হবে পথশিশু ও অনাথদের হাতে। সমাজে ছোটদের এই মানবিক পদক্ষেপ বড়দেরও চোখে আঙুল দিয়ে শেখাল—সামান্য ইচ্ছাশক্তিই বদলে দিতে পারে অনেকটা দুনিয়া।

Advertisement
Live Cricket Score
upskillninja