
#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ উৎসবের আগে বাজারে যাতে গ্রাহকরা প্রতারণার শিকার না হন, সেদিকে কড়া নজরদারি শুরু করেছে উপভোক্তা বিষয়ক দপ্তর। বুধবার দুপুরে কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারে হানা দিল দপ্তরের আধিকারিকেরা।

উপ সহ-অধিকর্তা সোমদেব চৌধুরীর নেতৃত্বে ও উপভোক্তা কল্যাণ আধিকারিক মনতোষ দাসের উপস্থিতিতে পরিচালিত হয় এই বিশেষ কর্মসূচি। এদিনের অভিযানে জেলার লিগ্যাল মেট্রলজি আধিকারিক, ফুড সেফটি অফিসার এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে খাবারের দোকান— সর্বত্রই নজরদারি চালানো হয়। জলের বোতল, প্যাকেটজাত খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রীর মূল্য ও গুণগত মান খুঁটিয়ে দেখা হয়। খাদ্যের মান বজায় রাখা হচ্ছে কি না, সেদিকেও বিশেষ জোর দেন আধিকারিকরা।

দপ্তরের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে এই ধরনের নজরদারি আরও জোরদার করা হবে। পাশাপাশি, ক্রেতাদেরও সচেতন হতে হবে এবং প্রয়োজনে উপভোক্তা হেল্পলাইনে অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়েছে।









