
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কবি সুকান্ত সরণীর মানুষজন পড়েছেন চরম বিপাকে। পুরসভার তৈরি প্রধান ড্রেনের বুকে হঠাৎই মাটি ফেলে জল আটকে দিয়েছেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এর ফলে সড়কের উপর উপচে পড়ছে ড্রেনের জল। নোংরা আবর্জনা মিশ্রিত সেই জল জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতিমধ্যেই জমা জলে জন্ম নিয়েছে মশার লার্ভা, দুর্গন্ধে হাঁটাচলা দুষ্কর হয়ে উঠেছে। ফলে নাগরিক পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পুর নাগরিকেরা।

স্থানীয় বাসিন্দা হীরক রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ড্রেন তৈরি হওয়ার পর এতদিনে কিছুটা স্বস্তি পেয়েছিলাম। এখন আবার জল জমে অসুবিধা শুরু হয়েছে। ছোটদের স্কুলে যাতায়াত থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।” পুরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মী কাশীনাথ পান্ডে বলেন, হঠাৎ করে এভাবে ড্রেন বন্ধ করা যায় না। পুর কোঅরডিনেটরকে বিষয়টি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানান, “শুনেছি ওখানে একটা সমস্যা তৈরি হয়েছে। তবে ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, এমন খবর আমার জানা নেই। আমরা পুরসভার সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করব।”

অন্যদিকে রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস বলেন, “ড্রেনের মুখে মাটি ফেলে এবং উঁচু বাম্প তৈরি করে জল আটকে দেওয়ার খবর পেয়েছি। এটা অত্যন্ত অনভিপ্রেত। আমরা কিছুদিন আগেই ইঞ্জিনিয়ার পাঠিয়ে হিউম পাইপ বসানোর কাজ শুরুর উদ্যোগ নিয়েছি। তার আগে এভাবে ড্রেন বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এদিকে জলাবদ্ধতায় ক্ষুব্ধ কবি সুকান্ত সরণীর বাসিন্দারা দাবি তুলেছেন—দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যা মেটাতে হবে, নইলে প্রতিবাদে পথে নামবেন তারা।









