
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ বনবিভাগের উদ্যোগে আয়োজিত এক অনলাইন বৈঠকে কুলিক পাখি অভয়ারণ্যে বার্ষিক পাখি গণনার তারিখ ঘোষণা করা হল। সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৪ ও ১৫ই সেপ্টেম্বর দুই দিন ধরে পাখি গণনা চলবে।

বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, গণনার আগে ১৩ই সেপ্টেম্বর গণনাকারীদের নিয়ে একটি বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু হয়ে গেছে। গাছের নাম্বারিংসহ প্রাথমিক কাজ চলছে।

তিনি আরও জানান, এ বছর শুধু বনবিভাগ বা এনজিও নয়, বরং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেবে। স্থানীয়দের মতে, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একদিকে যেমন পাখি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবে। এবারের গণনায় কত প্রজাতির পরিযায়ী পাখি ধরা পড়ে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন পরিবেশপ্রেমীরা।










