Explore

Search

June 25, 2026 10:05 pm

IAS Coaching

বুজরুকি আটকাতে, এবার পাড়ায় পাড়ায় চন্দ্র গ্রহণের শিবির বসানোর ডাক বিজ্ঞান মঞ্চের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ “পূর্ণ চন্দ্রগ্রহণ আসছে, তৈরি হোন”— এমন আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ডাঃ পার্থ প্রতীম ভদ্র। আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৫, আকাশপটে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বিজ্ঞান মঞ্চের পরিকল্পনা, ওই দিন পাড়ায় পাড়ায় হবে গ্রহণ দেখার শিবির।

চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৫৮ মিনিটে, আর শেষ হবে রাত ২টা ২৫ মিনিটে। পূর্ণ গ্রহণ শুরু রাত ১১টা, শেষ রাত ১২টা ২২ মিনিটে। রাত ১১টা ৪১ মিনিটে দেখা যাবে সর্বোচ্চ গ্রহণ। এদিন চাঁদ রক্তাভ বা তামাটে বর্ণ ধারণ করবে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। গোটা ভারত থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ।

বিজ্ঞান মঞ্চের বক্তব্য, চন্দ্রগ্রহণের পেছনের বিজ্ঞান বোঝা জরুরি। পূর্ণিমার রাতে সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় থাকলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে গ্রহণ হয়। কিন্তু পূর্ণ সূর্যগ্রহণের মতো চাঁদ অদৃশ্য না হয়ে তামাটে দেখায়, কারণ পৃথিবীর আবহমণ্ডল দিয়ে ছড়িয়ে পড়া সূর্যালোক সরাসরি চাঁদে পৌঁছায়। নীল ও বেগুনি আলোর বিচ্ছুরণ বেশি হওয়ার কারণে চাঁদ লালচে বা তামাটে দেখায়।

ডাঃ ভদ্র বলেন, “গ্রহণ নিয়ে অযথা কুসংস্কার ছড়ানো হচ্ছে। জ্যোতিষীরা নানা বিধান সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাই পাড়ায় পাড়ায় শিবির বসিয়ে খালি চোখে, বাইনোকুলারে বা টেলিস্কোপে গ্রহণ দেখা, শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা ও আড্ডার মাধ্যমে বিজ্ঞানচেতনা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।”

বিজ্ঞান মঞ্চের দাবি, এই উদ্যোগের মাধ্যমে কুসংস্কার ভেঙে মানুষকে জানাতে হবে যে গ্রহণ মানুষের জীবনে কোনও অশুভ প্রভাব ফেলে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও দৃশ্যমান হবে এই মহাজাগতিক দৃশ্য।

Advertisement
Live Cricket Score
upskillninja