
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি (IQAC) কমিটি গঠন ও সদস্য নির্বাচন নিয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার (WBCUPA) সদস্যরা অভিযোগ তুলেছেন তাঁদের রাজনৈতিক কারণে কোনঠাসা করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলে মঙ্গলবার উপাচার্যের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দিলেন ওয়েবকুপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিরা।

ডেপুটেশন জমা দিতে গিয়ে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ড. নির্ঝর সরকার, রাজ্য কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিক আলম বেগ, অধ্যাপক তমাল বসু রায়, অধ্যাপক পিনাকী রায়, অধ্যাপক সৌমেন সাহা সহ অন্যান্যরা।

ডেপুটেশন জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে দাঁড়িয়ে ড. নির্ঝর সরকার সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে অধ্যাপকদের বঞ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনের পরিবেশকে দূষিত করা হচ্ছে। আমরা এর প্রতিবাদে একজোট হয়েছি।” অধ্যাপক তমাল বসু রায় আরও বলেন, “যাঁরা বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করেছেন, তাঁদেরই প্রাপ্য জায়গা থেকে সরিয়ে রাখা হচ্ছে। আমরা চাই স্বচ্ছতা এবং ন্যায্যতা।”

তবে পুরো অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়। তিনি বলেন, “সব সিদ্ধান্তই রাজ্য সরকারের নির্দেশ মেনে নেওয়া হয়েছে। এখানে কাউকে কোনঠাসা করার প্রশ্ন নেই। সরকার নির্দেশ দিয়েছে বলেই নতুন কমিটি গঠন হয়েছে।” বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক টানাপোড়েন ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শিক্ষক মহলে।









