Explore

Search

June 25, 2026 11:06 pm

IAS Coaching

সদ্য নির্মিত রাস্তার মাঝে কালভার্টে দুর্ঘটনার জন্য রাস্তা আটকে বিক্ষোভ লুকসানে

#মালবাজার: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগান এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া নতুন রাস্তার মাঝে কালভার্ট দুর্ঘটনারকারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। সুন্দর ঝাঁ চকচকে রাস্তা হওয়ায় যেখানে স্থানীয়রা খুশি হয়েছিলেন, সেখানে রাস্তার উপর তৈরি নিম্নমানের কালভার্ট একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই ৮ জনেরও বেশি মানুষ দূর্ঘটনার কবলে পড়ে  আহত হয়েছেন। একজন যুবক আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে গেছেন। রবিবার  রাত ও সোমবার  সকালে ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি সহ্য করতে না পেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ সকালে রাস্তায় বড় বড় পাথর ফেলে দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণ ভুলভাবে করা হয়েছে। রাস্তা সমান থাকলেও কালভার্টের মাঝে অবতল থাকায়  বাইক ও গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। গত রাতে একটি মারুতি ভ্যান উল্টে যায়, যাতে দু’জন আহত হন।
উল্লেখযোগ্য যে, লুকসান ক্যারন স্টেশন থেকে লুকসান চা বাগান পর্যন্ত পথশ্রী প্রকল্পের অধীনে তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, “এই বিষয়ে আমার কোনো খবর ছিল না। আগামীকালই আমি বিডিওর সঙ্গে সাইট পরিদর্শন করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
অপরদিকে তৃণমূল ব্লক সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেম ছেত্রী জানান যে গ্রামবাসীরা আগেই লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। “আমি বিডিওকে জানিয়েছি। আগামীকাল আমরা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।”
গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন যে করম পূজা ও দুর্গাপূজার মতো বড় উৎসবে এই রাস্তায় ভিড় আরও বেড়ে যাবে। সমস্যার সমাধান না করা হয়, তাহলে এখানে প্রায় প্রতিদিন দূর্ঘটনার আশংকা রয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে গ্রামবাসীরা আজ রাস্তা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা অভিষেক মাহলি, মদন ঝা ও রতন বর্মন বলেন, “রাস্তা সুন্দর হয়েছে, কিন্তু, কালভার্ট ভুল নকশায় তৈরি করা হয়েছে। এটি যে কোনো সময় বড় বিপর্যয়ের কারণ হতে পারে।”
Advertisement
Live Cricket Score
upskillninja