
#রায়গঞ্জঃ ভরা বর্ষার মধ্যেই শুরু হয়েছে রায়গঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন সংলগ্ন রাস্তাটির সংস্কারের কাজ। রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে জাতীয় সড়কমুখী এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। গভীর গর্ত, ভাঙাচোরা পথের কারণে যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। এবার সেই সমস্যার সমাধানেই স্থানীয় পুর প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হল রাস্তাটির সংস্কার ও পাকা করার কাজ।

শহরের এই ব্যস্ততম রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। টোটো, অটো, রিকশা ও অন্যান্য যানবাহনের ভিড়ে এই রাস্তা ছিল দুর্ঘটনাপ্রবণও। বর্ষায় জল জমে চলাচল ছিল আরও বিপজ্জনক। স্থানীয়দের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও এতদিন কাজ শুরু হয়নি। অবশেষে শুরু হয়েছে রাস্তার খোঁড়াখুঁড়ি ও নতুন পিচ ঢালাইয়ের প্রক্রিয়া।

সূত্রের খবর, রাস্তাটির সংস্কারে বিশেষ বরাদ্দ মিলেছে। ঠিকাদারি সংস্থা জানিয়েছে, আবহাওয়ার অনুকূল হলে দ্রুত কাজ শেষ করা হবে। কাজ শেষ হলে রেলস্টেশনে যাতায়াতকারী যাত্রীদের স্বস্তি মিলবে বলে আশাবাদী শহরবাসী।

স্থানীয় এক দোকানদার বলেন, “বছরের পর বছর ধরে আমরা ভাঙাচোরা রাস্তা দেখেছি। ভরা বর্ষায় কাজ শুরু হলেও অন্তত কাজটা শুরু হয়েছে, এটা বড়ো কথা।” শহরের পুর প্রশাসনের দাবি, এই রাস্তা সংস্কার সম্পূর্ণ হলে শহরের যানবাহন চলাচল অনেকটাই মসৃণ হবে।









