Explore

Search

June 26, 2026 12:07 am

IAS Coaching

রায়গঞ্জ পেল আরও একটি ব্লাড ব্যাঙ্কের অনুমোদন, রক্ত সমস্যা সমাধানের আশা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রক্তসংকট কাটিয়ে জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে এগিয়ে এল বেসরকারি উদ্যোগ। রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং উপসম নার্সিং হোমে ব্লাড ব্যাঙ্ক চালুর পর এবার রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হতে চলেছে জেলার তৃতীয় ব্লাড ব্যাঙ্ক।

এদিন হাসপাতালের কর্ণধার ডা. শান্তনু দাস এক আবেগঘন বার্তায় বলেন, “উত্তর দিনাজপুর জেলার জন্য আজ এক গর্বের দিন। জীবনরেখা হাসপাতালের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক চালু হয়েছে। সমস্ত সেফটি ও কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়া শেষ হওয়ার পর শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমরা সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। চলুন, একসাথে এই মন্ত্রে কাজ করি—‘Healing Beyond the Timeline… JEEVAN REKHA is the True Lifeline.’”

স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মতে, এই উদ্যোগে জেলার রক্তসংক্রান্ত সমস্যার অনেকটাই সমাধান হবে। আগে রক্ত সংগ্রহ বা সরবরাহের ক্ষেত্রে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ বা উপসম নার্সিং হোমের ওপর নির্ভর করতে হতো। এবার নতুন ব্লাড ব্যাঙ্ক চালু হলে আরও দ্রুত এবং সুরক্ষিতভাবে রক্ত মজুত রাখা ও রোগীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে জীবনরেখা হাসপাতালের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল ও সাধারণ মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাড়তি ব্লাড ব্যাঙ্ক চালুর ফলে দুর্ঘটনা, বড় অপারেশন বা জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এখন সকলের চোখ জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের আসন্ন আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে। স্বাস্থ্য পরিষেবায় এই সংযোজন নিঃসন্দেহে জেলার বাসিন্দাদের জন্য এক বড় স্বস্তির খবর।

Advertisement
Live Cricket Score
upskillninja