Explore

Search

June 26, 2026 12:03 am

IAS Coaching

পর্বতারোহণে সরকারকে যুব সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান এভারেষ্টার পিয়ালী বসাক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শনিবার রাতে রায়গঞ্জ শহরের ছন্দম মঞ্চে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩৩তম বার্ষিক সমাবর্তন উৎসব। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন অক্সিজেন সাপোর্ট ছাড়া এভারেস্ট জয় করা বাংলার কন্যা পিয়ালী বসাক। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়ালী বলেন, “পর্বতারোহণ এমন এক খেলা যা কেবল শারীরিক নয়, মানসিক শক্তিকেও পরীক্ষা করে। তবে সরকারি সহযোগিতা ছাড়া এই খেলাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যেমন ক্রিকেট বা অন্যান্য খেলাধুলায় সরকার এগিয়ে এসেছে, তেমনিভাবে পর্বতারোহণকেও উৎসাহিত করা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ পাল ও সভাপতি দেবব্রত সরকারসহ বিশিষ্টজনেরা।

সংস্থার সম্পাদক পার্থ পাল জানান, এদিন সংস্থার সারাবছরের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও ‘বন্ধু স্যার পুরস্কার’-এ সম্মানিত করা হয় ইসলাপুরের প্রকৃতিপ্রেমী নিশীথ বিশ্বাসকে। বৃক্ষপ্রেমে অনন্য ভূমিকা রেখে নিশীথ বাবু তার বাসস্থান এলাকায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করে সমাজে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।

এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় সংস্থার বার্ষিক স্মারকগ্রন্থ। পিয়ালী বসাকও প্রদর্শন করেন তাঁর বিভিন্ন অভিযান থেকে সংগৃহীত বিরল ছবি ও অভিজ্ঞতা। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এই আয়োজন আবারও প্রমাণ করল, পাহাড়ের প্রতি ভালোবাসা শুধু শখ নয়, এক অন্তর্নিহিত সংগ্রামের নাম। আর সেই সংগ্রামে সরকারি সহায়তার হাত আরও প্রসারিত হলে যুব সমাজ আন্তর্জাতিক মঞ্চে দেশের গর্ব বাড়াতে সক্ষম হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja