Explore

Search

June 26, 2026 1:57 am

IAS Coaching

জেলার কনজিউমার ক্লাব গুলোকে নিয়ে বিশেষ কর্মশালা রায়গঞ্জে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জেলার বিদ্যালয়গুলিতে গঠিত ৪৯ টি কনজিউমার ক্লাবকে নিয়ে সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় ক্রেতা সুরক্ষা ভবনে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। জেলার প্রতিটি ক্লাবে অন্তত ৫০ জন করে ছাত্রছাত্রী যুক্ত রয়েছে। তাঁদের মধ্যে উপভোক্তা সচেতনতার ধারণা আরও স্পষ্ট করতে, জেলা উপভোক্তা দপ্তরের উদ্যোগে আসন্ন প্রতিযোগিতা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা উপভোক্তা দপ্তরের সহ-অধিকর্তা প্রবীর অধিকারী, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অসীম মণ্ডল, সুপ্রতীক সোমসহ অন্যান্য আধিকারিকরা।

প্রবীর অধিকারী জানান, শীঘ্রই কনজিউমার ক্লাবগুলিকে নিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার মূল বিষয় ‘সুস্থায়ী জীবনযাত্রার দিকে তাকিয়ে অবস্থার পরিবর্তন’। এই প্রতিযোগিতায় পোস্টার তৈরি, প্রবন্ধ রচনা, স্লোগান রচনা সহ নানা বিষয়ে পড়ুয়াদের সৃজনশীলতা প্রকাশ পাবে। সভায় প্রতিযোগিতার তারিখ নিয়েও আলোচনা হয় এবং আগামী ২৪শে সেপ্টেম্বর এই প্রতিযোগিতা হবে বলে সিদ্ধান্ত নেন সকলে।

কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অসীম মণ্ডল বলেন, “আগামী প্রজন্মের জন্য পৃথিবীর প্রাকৃতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়, সেই বিষয়ে ছাত্রছাত্রীদের ভাবনাই হবে এই প্রতিযোগিতার মূল দিক। পরিবেশকে সুস্থির রেখে জীবনযাত্রার পরিবর্তনের ভাবনা পড়ুয়াদের কাছ থেকেই উঠে আসুক।” অধিকর্তা সুপ্রতীক সোম জানান, প্রতিযোগিতায় ইংরেজি ও বাংলায় প্রবন্ধ রচনা হবে ৩০০ শব্দের মধ্যে, এ-ফোর পৃষ্ঠায়। স্লোগানগুলো হবে ২০ শব্দে এবং পোস্টার ১৪ ইঞ্চি কাগজে জমা দিতে হবে।

কর্মশালায় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মতবিনিময় করেন। জেলার কনজিউমার ক্লাবগুলির সদস্যদের মধ্যে উপভোক্তা সচেতনতা এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা নিয়ে আগ্রহ স্পষ্ট হয় এদিনের আলোচনায়।

Advertisement
Live Cricket Score
upskillninja