Explore

Search

June 26, 2026 1:58 am

IAS Coaching

রুপসু ভ্যালির ১০ শৃঙ্গ ছোঁয়ার স্বপ্নে রওনা রায়গঞ্জের চার অভিযাত্রী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পাহাড় ডাক দিয়েছে। সেই ডাকেই সাড়া দিতে তৈরি রায়গঞ্জের চার অভিযাত্রী তরুণ-তরুণী—মনোতোষ বিশ্বাস, শঙ্কর ধর, অপর্না চক্রবর্তী ও সৌম্য দেবনাথ। আসন্ন ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা পাড়ি দেবেন লাদাখের দুর্গম রুপসু ভ্যালিতে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বিয়ন্ড দ্য লিমিটস’। ইতিমধ্যেই ভারতীয় পর্বতারোহন ফাউন্ডেশন (IMF) অভিযানের অনুমোদন দিয়েছে। লক্ষ্য অন্তত পাঁচটি অনামী শৃঙ্গ ও আরও কয়েকটি উচ্চ শৃঙ্গ জয়।

অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু শৃঙ্গগুলি হল Unnamed শৃঙ্গ (6035 মিটার), Unnamed শৃঙ্গ (6105 মিটার), কারজক কাঙরি (6090 মিটার), ইয়ালুং নং গ্রুপ (6080 মিটার) এবং গ্যামা গ্রুপ (6260 মিটার)। এই পাঁচটির পাশাপাশি অভিযাত্রীরা আরও কয়েকটি অজানা শৃঙ্গ ছোঁয়ার পরিকল্পনা করেছেন।

দলনেতা মনোতোষ বিশ্বাস বলেন, আমাদের যাত্রা শুরু হবে ৩ সেপ্টেম্বর রায়গঞ্জ থেকে। ৪ সেপ্টেম্বর তাঁরা রওনা দেবেন দিল্লি হয়ে মানালি, ৭ সেপ্টেম্বর পৌঁছবেন লেহ শহরে। ৯ সেপ্টেম্বর কারজক গ্রামে যাত্রা এবং ১০ সেপ্টেম্বর গড়ে উঠবে বেস ক্যাম্প। ১১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে শৃঙ্গ জয় অভিযান ও এলাকা অনুসন্ধান। ২৫ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ফিরবে রায়গঞ্জে।

জানা গেছে, এই অভিযাত্রী দলের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে হিমালয়ের বিভিন্ন পর্বতাভিযানে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। মনোতোষ বিশ্বাস এই অভিযানের নেতা, যিনি ইতিমধ্যেই একাধিক হিমালয় শৃঙ্গ জয় করেছেন। শঙ্কর ধর রক ক্লাইম্বিং এবং উচ্চতাজনিত প্রশিক্ষণে দক্ষ। অপর্না চক্রবর্তী রায়গঞ্জের অন্যতম প্রথম দিকের মহিলা পর্বতারোহী হিসেবে পরিচিত। সৌম্য দেবনাথ টেকনিক্যাল সাপোর্ট ও উচ্চতাজনিত অভিজ্ঞতায় সিদ্ধহস্ত।

শঙ্কর ধর বলেন, বর্তমানে আমাদের প্রস্তুতি চলছে জোরকদমে। রক ক্লাইম্বিং ট্রেনিং থেকে শুরু করে উচ্চতাজনিত অসুস্থতা মোকাবিলার কৌশল—সবই আয়ত্তে আনার চেষ্টা করছেন তাঁরা। অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত করা হয়েছে। মনোতোষের কথায়, “রুপসু ভ্যালির দুর্গম পথ ও অনামা শৃঙ্গ জয় আমাদের স্বপ্ন। এবার আমরা নিজেদের সীমা ছাপিয়ে এগোতে চাই।” আর অপর্না চক্রবর্তী বলেন, “রায়গঞ্জের মেয়েদের জন্য এই অভিযান হোক নতুন অনুপ্রেরণা।”

রায়গঞ্জের চার অভিযাত্রী এবার শুধু শৃঙ্গ জয় করতে নয়, বরং উত্তরবঙ্গের তরুণ প্রজন্মকে পাহাড় অভিযানের প্রতি উৎসাহী করে তুলতে এই দীর্ঘ ও কঠিন পথযাত্রায় নামছেন। পাহাড়ের ডাক তাঁদের টেনেছে, আর তাঁরা ফিরবেন নতুন অভিজ্ঞতা, নতুন গল্প নিয়ে।

Advertisement
Live Cricket Score
upskillninja