Explore

Search

July 9, 2026 9:14 am

IAS Coaching

দিনাজপুরের গমীরা এবার নাট্যমঞ্চে, হারিয়ে যাওয়া মুখানাচের দিন বদলের আশায় শিল্পীরা

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দিনাজপুরের গমীরা মুখোশ শিল্পের ঐতিহ্য এবার পা রাখছে নাট্যমঞ্চে। কলকাতার অনীক নাট্যসংস্থার উদ্যোগে এবং ড. গৌরব দাসের পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে নতুন নাটক “আঙিনা জুড়ে ভোর”।

এ নাটকে শুধু গমীরা মুখানাচ নয়, দিনাজপুরের ধোকরা শিল্প, খন পালা গান, রাজবংশী সংস্কৃতি, এমনকি শ্রীমতী নদীর গল্পও উঠে আসবে। এর উদ্দেশ্য একটাই, দিনাজপুরের মাটি ও সংস্কৃতির হারিয়ে যাওয়া শিল্পকে নতুন করে মানুষের সামনে তুলে ধরা, এমনটাই দাবি নাট্য কর্মীদের।

 

নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের মাঙ্গলিকা মুখা দলের শিল্পীরা। সম্প্রতি তারা কলকাতায় গিয়ে এক বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করেছেন এই প্রযোজনার প্রস্তুতির জন্য। নাটকের সম্পাদক অরূপ রায় জানিয়েছেন, “ভোর মানে আশা। এই নাটকও সেই আশার প্রতীক, যাতে হারিয়ে যাওয়া শিল্পীরা আবার নতুন করে আলো দেখতে পান, তাই সকলের সামনে এই শিল্পকে উপস্থাপন করা ।

এই নাটকে অভিনয় করবেন অরূপ রায়, ভাস্কর বণিক ও সমৃদ্ধি বন্দ্যোপাধ্যায়ের মত সুপরিচিত শিল্পীরা। এর আলোকসজ্জায় থাকছেন রাহুল সরকার। ভাবনার সহযোগিতায় আছেন ইটাহার হাই স্কুলের শিক্ষক ড. অভিজিৎ চৌধুরী। অভিজিৎ বাবু বলেন, জাতীয় স্তরে গমীরা নৃত্য প্রদর্শিত হলেও এই শিল্পের সাথে জড়িত শিল্পীরা আজও আর্থিক সংকটে। সিনেমায় খানিকটা তুলে ধরা হলেও নাটকের মত লাইভ মঞ্চে এই প্রথম গমীরা নৃত্য প্রদর্শিত হচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের শিল্প ও শিল্পী উভয়কেই মর্যাদা দেবে।

আসন্ন ১৪ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর নাটকটি প্রথম মঞ্চস্থ হবে কলকাতায়। নাট্যজগতে ইতিমধ্যেই এর প্রতি উৎসাহ দেখা দিয়েছে। নাট্যপরিচালক ড. গৌরব দাসের কথায়, “দিনাজপুরের আঙিনা থেকে উঠে আসা মুখোশ ও লোকশিল্পকে শহরের মঞ্চে তুলে ধরতে পারলে শিল্পীরা নতুন জীবন পাবেন। আর সেই ভোরটাই আমরা খুঁজে চলেছি।”

দিনাজপুরের মানুষের কাছে গমীরা মুখোশ কেবল বিনোদন নয়, এক জীবন্ত ইতিহাস। “আঙিনা জুড়ে ভোর” সেই ইতিহাসকে নতুনভাবে সাজিয়ে তুলতে চলেছে আগামী প্রজন্মের সামনে।

Advertisement
Live Cricket Score
upskillninja