
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বুধবার দুপুরে রায়গঞ্জ ভূপালচন্দ্র বিদ্যাপীঠের প্রাঙ্গণ ছিল উৎসাহে মুখরিত। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এক বিশেষ উদ্বুদ্ধকরণ শিবিরে নিজের জীবনের লড়াই, স্বপ্নপূরণের গল্প আর গবেষণার অভিজ্ঞতা শোনালেন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যামেলিয়া রায়। তাঁর কথায় ভরপুর প্রেরণা, দৃঢ় সংকল্প এবং ভবিষ্যতের পথচলার আলোকবর্তিকা যেন খুঁজে পেল পড়ুয়ারা।

স্কুলের প্রধান শিক্ষক উৎপল গোস্বামী বলেন, “আজকের এই শিবিরে আমাদের পড়ুয়ারা নতুনভাবে জীবনকে দেখার শিক্ষা পেল। ক্যামেলিয়া রায় তাঁদের সামনে জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বোঝালেন—স্বপ্নকে বড় করতে হয়, আর কঠোর পরিশ্রম ছাড়া তার কোনো বিকল্প নেই।”

এই শিবিরে উপস্থিত ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় শতাধিক ছাত্রছাত্রী। তাদের মধ্যে রেশমি খাতুন, মৌবানি বর্মন ও সুতপা সরকার জানায়, “দিদির কথাগুলো আমাদের খুব অনুপ্রাণিত করেছে। আমরা বুঝেছি যে গ্রামের স্কুল থেকেও বড় স্বপ্ন দেখা যায়, আর চেষ্টা করলে একদিন সাফল্য আসবেই।”

অনুষ্ঠান শেষে ক্যামেলিয়া রায় বলেন, “আমি চাই এই স্কুলের প্রতিটি পড়ুয়া নিজেকে বিশ্বাস করুক। চ্যালেঞ্জ আসবে, কিন্তু সাহস নিয়ে এগোতে হবে। আমি যেমন বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছি, তেমনই তোমরাও পারবে।” দিনের শেষে পড়ুয়াদের চোখে মুখে ছিল নতুন স্বপ্ন আর অদম্য উৎসাহ। ভূপালচন্দ্র বিদ্যাপীঠের এই শিবির নিঃসন্দেহে আগামী দিনের পথে তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করল।

উল্লেখ্য, ক্যামেলিয়া রায়ের বাবা কাঞ্ঝিরাম রায় এই স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক। ক্যামেলিয়া আই আই এস সি, ব্যাঙ্গালোর থেকে স্বর্ণপদক পেয়ে আমেরিকা শিকাগোতে গবেষণার কাজে যুক্ত হতে চলেছে।







