
#চোপড়াঃ বুধবার দুপুরে বিজ্ঞানমনস্কতা দিবস উপলক্ষে চোপড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কামারগছ প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য যোগেশচন্দ্র বর্মন, জেলা কমিটির সদস্য প্রদীপ মন্ডল, বিজ্ঞানকর্মী রতন দত্ত, অনিকেত দে প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে যোগ দেন শিক্ষক মহ: ইমতিয়াজ আলী, শিক্ষিকা মীনা গনটেইট সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় একশত ছাত্র-ছাত্রী অংশ নেয়। শিশুদের সামনে বিজ্ঞানমনস্কতার গুরুত্ব তুলে ধরতে কুসংস্কারবিরোধী কার্যক্রম, প্রদর্শনী, খেলা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন যোগেশচন্দ্র বর্মন, রতন দত্ত, প্রদীপ মন্ডল ও মীনা গনটেইট। তাঁরা কুসংস্কারমুক্ত যুক্তিনির্ভর জীবনধারার ওপর জোর দেন। দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে লিফলেটও বিলি করা হয়।

বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে, এই
অনুষ্ঠানের মূল বার্তা হল কুসংস্কার নয়, বিজ্ঞানের পথে এগিয়ে চলা। পাশাপাশি, প্রশ্ন করা ও যুক্তি দিয়ে চিন্তাভাবনা করা এবং শিশুদের মধ্যে ছোটো থেকেই কৌতূহল জাগিয়ে তোলা।

বিদ্যালয়ের শতাধিক শিশু উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের শপথ নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রতিজ্ঞা করেন, যুক্তি, প্রমাণ ও বিজ্ঞাননির্ভর সমাজ গঠনের কাজে তাঁরা সক্রিয় থাকবেন।








