
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দিন পনেরো ধরে ইটাহারের বাড়িওল রইসুদ্দিন আহমেদ হাই স্কুল এলাকায় ছড়িয়ে পড়েছে ভূতের গুজব। স্কুল চত্বর নাকি রাতের বেলায় অদ্ভুত শব্দে মুখরিত হয়, কখনও আবার দেখা মেলে ছায়ামূর্তির। ফলে আতঙ্কে পড়ুয়ারা স্কুলে আসতে ভয় পাচ্ছে, অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ, এমনটাই প্রচার পেয়েছে সামাজিক মাধ্যমে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে এক মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের। উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ কেন্দ্র। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সুরুন ১ নম্বর পঞ্চায়েত প্রধান ঊষারানী দাস, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং এলাকার বিশিষ্টরা। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিজ্ঞান কর্মী ড. পীযুষ কান্তি দাস ও অনিরূদ্ধ সিনহা ভূতের অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরে পড়ুয়াদের মধ্যে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী।

বিজ্ঞান কর্মী অনিরূদ্ধ সিনহা বলেন, “ভূতের গল্প আসলে কুসংস্কারের ফল। ভয়কে দূর করে সত্যকে জানলেই সব ভুল ধারণা কেটে যাবে।” শিবিরে শিক্ষার্থীদের যাতে ভূত-প্রেত সংক্রান্ত নানা মিথের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হবে। শিক্ষক মহল মনে করছে, এই সচেতনতা কর্মসূচি গুজব রুখে শিক্ষার্থীদের স্বাভাবিক স্কুলে ফেরায় সাহায্য করবে।









