
#নিউজ ডেস্কঃ দীঘার জগন্নাথ ধামে রবিবার সকালে এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী রইল বহু ভক্ত ও পর্যটক। মন্দির প্রাঙ্গণে সূর্যের চারপাশে স্পষ্ট সৌরবলয় বা হ্যালো দেখা যায়, যা দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও পর্যটকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে দাবি করেন, “দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত’। ভক্তদের কথায়, এটি শ্রীকৃষ্ণের আগমনের পবিত্র বার্তা, ভক্তদের জন্য এক আশীর্বাদ।

যদিও এই ঘটনার সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র। তিনি জানান, সৌরবলয় আসলে এক ধরনের বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ঘটনা, যা ঘটে সূর্যের আলো উচ্চ আকাশের সিরাস মেঘে থাকা বরফ কণার মধ্যে প্রতিসরিত হলে। এর ফলে সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কোণের এক রঙিন বলয় দেখা দেয়। তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যায়। এর সঙ্গে কোনও অলৌকিকতা বা ধর্মীয় ঘটনার সম্পর্ক নেই।”

তবুও মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে ভক্তিমূলক অনুভূতি বলে সমর্থন করেছেন, আবার কেউ বা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাকে গুরুত্ব দিতে বলেছেন। দীঘার এই সৌরবলয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।









