
#নিউজ ডেস্কঃ রায়গঞ্জ রেল স্টেশনে বর্তমানে মাত্র দুটি প্ল্যাটফর্ম থাকলেও, প্রতিদিন এখানে প্রায় সাত জোড়া ট্রেনের ওঠানামা হয়। আপাতত সিঙ্গেল লাইনে ট্রেন চললেও, খুব শিগগিরই ডাবল লাইনের কাজ শুরু হওয়ার কথা সূত্র মারফত জানা গেছে। যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে এবং যাত্রী ট্রেনের ফ্রিকোয়েন্সিও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, মালগাড়ির সংখ্যাও বেড়েছে। ফলে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ নিয়ে এখন শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহলেও কৌতূহল তুঙ্গে।

রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, “যাত্রী চাপ সামলাতে নতুন প্ল্যাটফর্ম তৈরি সময়ের দাবি। ডাবল লাইন চালু হলে রায়গঞ্জে আরও বেশি ট্রেন থামানো সম্ভব হবে।”

ব্যবসায়ী সনাতন প্রামাণিক জানান, “রায়গঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্ল্যাটফর্ম হলে দূরপাল্লার ট্রেন থামানোর সুযোগও বাড়বে।” যদিও এ বিষয়ে রেলমন্ত্রকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের দাবি, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ পরিকল্পনা সংক্রান্ত কোনো তথ্য তারা এখনো হাতে পাননি। ফলে কবে এই কাজ শুরু হবে, তা জানতে আপাতত অপেক্ষায় রায়গঞ্জবাসী।







