
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিশ্ব আদিবাসী দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তর। জেলার গমীরা শিল্পীদের নিয়ে গত ৭ই আগস্ট থেকে শুরু হয়েছে বিশেষ প্রচার কর্মসূচি, যা চলবে আগামী ১০ই আগস্ট পর্যন্ত।

গোয়ালপোখর ২নং সমষ্টির সেন্ট ইগনেশিয়াস হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তরের সহ-অধিকর্তা প্রবীর অধিকারী ও উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম। কেনাকাটার সময় সাধারণ মানুষ কী কী সতর্কতা অবলম্বন করবেন এবং ভোক্তা হিসেবে তাদের কী কী অধিকার ও কর্তব্য রয়েছে, সে বিষয়ে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতা বাড়ানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানি, চাকুলিয়ার বিধায়ক ও জেলা শাসক। স্থানীয় বাসিন্দারা জানান, গান-নৃত্যের মাধ্যমে এই ধরনের প্রচার সহজে মনে গেঁথে যায় এবং গ্রামীণ অঞ্চলের মানুষও ভোক্তা অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পান।







