#মালবাজার: গাছ ও পশুপাখি আমাদের পরিবেশের অঙ্গ। তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। বার্তা দিতেই শুক্রবার ও শনিবার পরপর দুদিন হাতি ও গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল চালসার একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। চলতি বছর পুর্নিমা যেহেতু দুদিন ব্যাপী সেজন্যে পরিবেশ প্রেমীরা শুক্রবার ও শনিবার বেছে নেন।

শুক্রবার পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের পক্ষ থেকে মানবেন্দ্র দে সরকার,অভিযান সাহা, অনির্বাণ মজুমদার সহ কয়েকজন পরিবেশ প্রেমী কালিপুর ইকো ভিলেজে যান। সেখানে বনকর্মী ও মাহুতদের সহযোগিতায় চার কুনকি হাতি অরণ্য, রাজা, আমন ও ডায়নার কপালে বড় রাখি পড়িয়ে দেন। পরে চার কুনকি হাতিকে
ফল ও মিষ্টি খাওয়ান। শনিবার পাশের খড়িয়ার বন্দর বনভূমি এলাকায় গিয়ে গাছে রাখি পড়িয়ে দেন।

অভিনব এই রাখি বন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দারুন সারা পড়ে। পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, রাখি পূর্ণিমার দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পড়িয়ে দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করেন। তেমনি ভাবে আমরা হাতি ও গাছকে রাখি পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনা করলাম। পরিবেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো। এটাই আমাদের বার্তা।







