
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার স্তূপে নাক সিঁটকোচ্ছে বাসিন্দারা। ভ্যাপসা গরম ও হঠাৎ বৃষ্টির জেরে সেই আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জীবাণুর আতঙ্ক। শহরের এই বেহাল চিত্র নিয়ে মুখ খুললেন প্রাক্তন পুরপিতা মোহিত সেনগুপ্ত।

তিনি বলেন, “শহরজুড়ে এত নোংরা আবর্জনা দেখে শরীর কেমন ঘিনঘিন করছে। কিন্তু মানুষ প্রতিবাদ করলে তাদেরকে ভয় দেখানো হয়। তিনি আরও তোপ দাগেন রাজনৈতিক সংস্কৃতি ও পৌর প্রশাসনের দিকে। তার কথায়, “পৌর প্রশাসনের ব্যর্থতা দেখে অনেকেই মনে মনে নেতাদের গালাগাল দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, যারা আজ শাসক দলের নাম ভাঙিয়ে ক্ষমতায় রয়েছে, কাল অন্য দলে গিয়ে আবারও সেই চেয়ার আঁকড়ে ধরবে।

আমাদের উচিত এই জার্সি বদলানো নেতাদের পরিত্যাগ করা। তাহলেই সমাজ বদলাবে, শহর বদলাবে।” এই অবস্থায় শহরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভালো থাকুক আমার-আপনার প্রাণের শহর রায়গঞ্জ। এ শহর আমাদের, এর পরিচ্ছন্নতা রক্ষা করাও আমাদের দায়িত্ব।”

এদিকে, রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার দাবি করেন, “গতকাল থেকে শহরে লাগাতার বৃষ্টির কারণে সকালে কিছু জায়গায় আবর্জনা তোলা সম্ভব হয়নি। কিন্তু বৃষ্টি থামতেই সেই আবর্জনা সরিয়ে নেওয়া হয়েছে। যারা ঘরে বসে শুধু সমালোচনা করেন, তাদেরকে সাধারণ মানুষই গুরুত্ব দিচ্ছে না।”

তবে বাস্তব চিত্র বলছে, এখনও শহরের একাধিক জায়গায় আবর্জনার স্তূপে ঢেকে গেছে পথঘাট। নাগরিকরা বলছেন, একদিন-দুদিন নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিকল্পিত আবর্জনা ব্যবস্থাপনাই একমাত্র সমাধান। না হলে শহর হয়ে উঠবে এক বিষাক্ত আবাসভূমি।






