Explore

Search

July 9, 2026 3:09 pm

IAS Coaching

উত্তর দিনাজপুরে মুখা নাচের উন্নয়নে তিনদিনের কর্মশালা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী এক গুরুত্বপূর্ণ ধারার নাম ‘মুখা নাচ’। গ্রামীণ জীবন, ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই মুখা নৃত্য কালের নিয়মে আজ হারিয়ে যেতে বসেছে। সেই প্রাচীন লোকশিল্পকে নতুন করে প্রাণ দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে, উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আগামী ৬ থেকে ৮ই আগস্ট পর্যন্ত রায়গঞ্জে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক বিশেষ তিনদিনব্যাপী কর্মশালার।

এই কর্মশালায় অংশ নেবেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৫০ জন মুখা নৃত্যশিল্পী। মুখা নাচের বিভিন্ন দিক, নাট্যভাব, নৃত্যচরণ, মুখা নির্মাণশৈলী, পারফরম্যান্স কৌশল প্রভৃতি বিষয়ে বিশিষ্ট লোকশিল্পী ও প্রশিক্ষকেরা তাঁদের প্রশিক্ষণ দেবেন। সেই সঙ্গে থাকছে মুখা তৈরির লাইভ ডেমো ও স্থানীয় সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা।

জেলার সংস্কৃতি প্রেমী মানুষ, তরুণ প্রজন্ম এবং গবেষকদের জন্য এই কর্মশালা এক উল্লেখযোগ্য সুযোগ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানিয়েছেন, “আমাদের লক্ষ্য, মুখা নাচকে শুধু সংরক্ষণ নয়, পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়াও। কর্মশালার শেষে মুখা নাচের একটি প্রদর্শনীও আয়োজিত হবে।”

এই উদ্যোগের মাধ্যমে শুধু মুখা নাচ নয়, উত্তর দিনাজপুরের সামগ্রিক লোকসংস্কৃতি আবারও নতুন করে আলোচনায় উঠে আসবে বলেই আশাবাদী গমীরা নৃত্য গবেষক ড. অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, ৬ তারিখ আমি থাকছি।এমন উদ্যোগ সফলতা পাবে, আশা করছি।

Advertisement
Live Cricket Score
upskillninja