Explore

Search

July 9, 2026 5:29 pm

IAS Coaching

রায়গঞ্জ গভঃ আইটিআই-এর নজরকাড়া সাফল্য: সারা দেশের মধ্যে অন্যতম শীর্ষে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের অধীন ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং (DGT) প্রতি বছর দেশের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে আটটি নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী একটি গ্রেডিং স্কোর নির্ধারণ করে। এই মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগতমানের পরিচায়ক হিসেবে বিবেচিত হয়।

ন্যাক মূল্যায়নে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ‘ড’ গ্রেড পেলেও, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রায়গঞ্জ গভর্মেন্ট আইটিআই ১০-এর মধ্যে ৯.১ স্কোর অর্জন করে দেশের সরকারি আইটিআই গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই অসাধারণ সাফল্য রায়গঞ্জের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

কলেজের অধ্যক্ষ অভিজিৎ হাজরা বলেন,
এই অর্জনের পেছনে রয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, নিষ্ঠাবান প্রশিক্ষকবৃন্দ। একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং-এর আধিকারিকবৃন্দ, রায়গঞ্জ ব্লক প্রশাসন ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতাও ছিল অনস্বীকার্য। তিনি জানান, কলেজের ১২টি ট্রেডে মোট ২২৪টি আসন রয়েছে। এখানে পাস করা ছাত্রদের অধিকাংশেরই কর্মসংস্থান হয়েছে। ফ্যাকাল্টিরা সকলে সকলকে সহযোগিতার মানসিকতা নিয়ে পাঠদান করেন বলেই এমন সাফল্য এসেছে। শেখার ক্ষেত্রে, এখানে পড়ুয়াদের সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়।

তাঁর কথায় রায়গঞ্জ গভঃ আইটিআই বরাবরই কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষ করে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অগ্রসর থাকবে।

যখন জেনারেল স্ট্রিমের পড়াশোনায় পড়ুয়াদের অনাগ্রহ তৈরি হয়েছে, তখন সম্পূর্ণভাবে কম্পিউটার বেসড্ টেস্টে একেরপর এক সাফল্য অর্জন করে রায়গঞ্জ কর্ণজোড়ার এই কলেজ জাতীয় স্তরে জেলার মুখ উজ্জ্বল করল বলে জানালেন শিক্ষাবিদেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja