
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কাশিবাটী বিবেকানন্দ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঈশিতা বর্মনের সুরেলা কণ্ঠ এবার পৌঁছে যাবে বেতারের তরঙ্গে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের শিশুদের আসরের জন্য নির্বাচিত হয়েছে এই খুদে ভাওয়াইয়া শিল্পী। খবর পেয়ে স্বভাবতই খুশি ঈশিতার পরিবার, স্কুল এবং গোটা শহর। ভাওয়াইয়া গানের প্রতি ছোটবেলা থেকেই ঈশিতার টান। স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছে সে বহুবার। এবার সেই প্রতিভাকেই স্বীকৃতি দিল আকাশবাণী।

স্কুলের প্রধান শিক্ষক প্রদ্যোৎ দাস বলেন, “ঈশিতার এই সাফল্যে আমরা গর্বিত। শুধু পড়াশোনায় নয়, সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের ছাত্রীরা এগিয়ে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার।” শহরের সাংস্কৃতিক মহল মনে করছে, ঈশিতার এই সুযোগ আরও অনেক খুদে শিল্পীর মধ্যে অনুপ্রেরণা জোগাবে। বেতারে প্রথমবার গান রেকর্ড করার অভিজ্ঞতা নিতে চলেছে ঈশিতা আগামী কিছুদিনের মধ্যে ই। উল্লেখ্য, রায়গঞ্জ কলেজপাড়ার পঞ্চানন বর্মা সেবা সমিতির তত্ত্বাবধানে সংগীত অনুশীলন করে ঈশিতা।

সেখানে তাকে তালিম দেন ভাওয়াইয়া শিল্পী দুর্গা রায়, যুথিকা সরকার, ড. জয়ন্ত কুমার বর্মন, আয়েষা সরকার, জগদানন্দ বর্মন, অমর চন্দ্র সিংহ এবং অনিন্দিতা রায়। রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায় বলেন, পঞ্চানন বর্মা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রীদের একেরপর এক সাফল্যের পিছনে উল্লেখযোগ্য ভাবে যারা দ্বায়িত্ব পালন করে চলেছেন তারা হলেন যুথিকা সরকার এবং অনিন্দিতা রায়।

নিজের অনুভূতি জানিয়ে ঈশিতা বলে, “খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম সবাই যেন আমার গান শুনতে পায়, সেই স্বপ্ন এবার সত্যি হচ্ছে।” এক খুদে শিল্পীর এই জয়ের কাহিনি শুধু একটি সাফল্যের খবর নয়, বরং এক শহরের গর্বের গল্পও বটে।






