
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ “খেলো ইন্ডিয়া” স্কিমের অধীনে রায়গঞ্জ বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হল একটি বিশেষ সাইকেল অভিযান। রবিবার সকালে শুরু হওয়া এই উদ্যোগ ছিল যথেষ্ট সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং বার্তাবহ। সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ রায়গঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মহীন্দর সিং-এর নেতৃত্বে ৫৭ এবং ৯১ নম্বর ব্যাটালিয়নের একাধিক জওয়ান ও আধিকারিক এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিএসএফের আধিকারিকেরা জানান,
এই সাইকেল র্যালির মূল বার্তা হল, স্বাস্থ্য, ফিটনেস এবং পরিবেশ সচেতনতা। বিএসএফের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিবেশবান্ধব জীবনযাত্রা ও দৈনন্দিন শরীরচর্চার গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এটি শুধুমাত্র একটি প্রতীকী র্যালি নয়, বরং একটি শক্তিশালী ও সুস্থ ভারতের লক্ষ্যে ছোট্ট কিন্তু অর্থবহ পদক্ষেপ।

র্যালি শেষে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মহীন্দর সিং বলেন, “প্রতিদিনের জীবনে সাইকেল চালানোর মতো সহজ অথচ কার্যকর অভ্যাস গড়ে তুললে তা আমাদের শরীর ও পরিবেশ— উভয়ের পক্ষেই উপকারী হবে।” তিনি সকলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর জীবনধারার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

“খেলো ইন্ডিয়া” প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজের মধ্যে ক্রীড়াচেতনা ও সুস্থ জীবনযাত্রার প্রবণতা গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, এই সাইকেল অভিযান তারই একটি অনুপ্রেরণামূলক উদাহরণ। রায়গঞ্জ থেকে ছড়িয়ে পড়ল এক শক্তিশালী বার্তা, “সাইকেল চালান, ফিট থাকুন, সমাজকে গড়ে তুলুন।”






