
#রায়গঞ্জঃ এবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের জোড়া চমক! চাকুলিয়া বিধানসভা এলাকার রেলযাত্রীদের বহু প্রতীক্ষিত দাবি পূরণ হলো অবশেষে। কানকি রেলস্টেশনে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের থামার অনুমোদন মিলেছে। রেল দপ্তরের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, ১৩১৪১/ ১৩১৪২ তিস্তা তোর্সা এক্সপ্রেস (কলকাতা- বনগাঁ-নিউ আলিপুরদুয়ার) এবং ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, এই দুই ট্রেন এখন থেকে কানকি স্টেশনে নিয়মিত থামবে।

সাংসদ জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই স্টপেজের। এলাকার স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ী ও কর্মজীবীদের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বারবার রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অবশেষে সেই দাবি মান্যতা পেল। তিনি আরও জানান, কিছুদিন আগেই কানকি স্টেশনের দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে স্টেশনের পরিকাঠামো উন্নত হচ্ছে এবং বড় ট্রেন থামানোর সুযোগ তৈরি হয়েছে।

এদিন রেল দপ্তরের ঘোষণায় এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। কানকি, চাকুলিয়া ও সংলগ্ন এলাকার মানুষজন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন অপেক্ষা, কবে থেকে এই ট্রেন দুটি নিয়মিতভাবে কানকি স্টেশনে যাত্রী তুলবে ও নামাবে — সেই সূচি ঘোষণার। তবে আপাতত, উৎসবের আগে এই জোড়া সুখবরেই খুশির হাওয়া গোটা চাকুলিয়া জুড়ে।







