
#রায়গঞ্জঃ রাজ্য সরকার ৭ই নভেম্বর, ২০২৪ থেকে গুটখা ও তামাকজাত মিশ্রণযুক্ত পান-মশলার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। জনস্বাস্থ্যের স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন চিকিৎসক মহল থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ। তবুও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরজুড়ে এখনো দিব্যি চলছে গুটখার বেচাকেনা। চায়ের দোকান থেকে শুরু করে বাসস্ট্যান্ড, অলি-গলি এমনকি স্কুলের আশেপাশের এলাকাতেও গুটখা বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। অনেক দোকানে গুটখা এখনো আগের মতোই ছোট প্যাকেটে ঝোলানো অবস্থায় দেখা যাচ্ছে।

স্থানীয় এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “সাপ্লাই বন্ধ হয়নি। মানুষ চাইলে আমরা দিতেই বাধ্য। আমাদেরও রোজগার আছে।” অপরদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অরবিন্দ রায় বলেন, “এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। গুটখা ক্যান্সারের প্রধান কারণ।”

পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া নজরদারির কথা বলা হলেও, সেসব কাগজেই সীমাবদ্ধ বলে অভিযোগ শহরবাসীর। পাশাপাশি, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো বড়সড় অভিযান বা জরিমানা সংক্রান্ত তথ্য মেলেনি। সচেতন নাগরিকদের একাংশের অভিযোগ, প্রশাসনের গাফিলতির জন্যই এই নিষেধাজ্ঞা ব্যর্থ হচ্ছে। এখন দেখার বিষয়, রাজ্য সরকারের এই উদ্যোগ রায়গঞ্জে কতটা বাস্তবায়িত হয়।







