
নিউজ ডেস্কঃ আগামী ৭ ও ১৪ ই সেপ্টেম্বর (রবিবার) রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় এসএলএসটি বা সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাধিক ঘটনায় চর্চিত নিয়োগ পরীক্ষা সংঘটিত হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।


বিশেষ করে নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার দায়িত্ব স্কুলগুলির উপর দায়িত্বভার অর্পণ করা হবে। সূত্র মারফত জানা গেছে, Eastern Region-এর চেয়ারম্যান ইতিমধ্যেই স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের নির্দেশ দিয়েছেন, যাতে তারা পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত স্কুলগুলির টিচিং ও নন-টিচিং কর্মীদের তথ্য নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করে পাঠান।


এই তথ্য পাঠাতে হবে উভয় মাধ্যমেই — সফট কপি ই-মেল মারফত এবং হার্ডকপি নির্দিষ্ট দপ্তরে। পাশাপাশি, অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদিও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের এক আধিকারিক জানান, “নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন করতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে। স্কুল প্রধানদের সহযোগিতায় দ্রুত কাজ সম্পন্ন করা হবে।”

উল্লেখ্য, রাজ্যের বহু প্রতীক্ষিত এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন কয়েক লক্ষ প্রার্থী। ফলে প্রশাসনিক এবং নিরাপত্তা দিক থেকেও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।

