
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ রেলস্টেশনে পানীয় জলের ট্যাঙ্কি থেকে প্রায়শই জল উপচে পড়ছে, যার ফলে মূল্যবান পানীয় জলের অপচয় হচ্ছে নিয়মিত। অথচ এই ঘটনা চোখে পড়লেও যেন দেখার কেউ নেই। রেল কর্তৃপক্ষের তরফে নেই কোনো নজরদারি, স্থানীয় কর্মচারীরাও দায় এড়াতে ব্যস্ত।

যাত্রীদের অভিযোগ, জল উপচে পড়ে প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তা ভেসে যাচ্ছে, যা বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। সুবল দত্ত নামে এক বাসিন্দা বলেন, “জল যখন পড়তে থাকে, কেউ বন্ধ করতে আসে না। আমরা কেউ বললেও অন্য কেউ হাত দিতে চায় না। বুঝিয়ে দেয় যে, সেটা তাদের দায়িত্ব নয়।”

স্থানীয় পুর কোঅরডিনেটর অনিরূদ্ধ সাহা প্রশ্ন তুলছেন, এমন অব্যবস্থাপনার জন্য কে দায়ী? যেখানে একদিকে দেশজুড়ে জল সংরক্ষণের বার্তা দেওয়া হচ্ছে, সেখানে রেলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন জলের অপচয় দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করুক রেল কর্তৃপক্ষ। নিয়মিত নজরদারি ও দায়িত্ব নির্ধারণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এদিকে রায়গঞ্জ রেলস্টেশনের স্টেশন মাষ্টার রাজু কুমার বলেন, আমাদের স্টেশনের জলের ট্যাঙ্কিতে অটোমেটিক অফ করার বন্দোবস্ত নেই। ওখানে বসে থেকে মোটর বন্ধ করতে হয়। তাই কখনও কখনও মোটর বন্ধ করতে ভুলে যায় দায়িত্বপ্রাপ্ত কর্মী। এতে জল অপচয় হচ্ছে। বিষয়টি বন্ধ করতে আজই ইলেকট্রিক্যাল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেব।






