
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সাড়ম্বরে পালিত হল রায়গঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র-এর প্রতিষ্ঠা দিবস। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত, প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তি। দিনের সূচনা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে।

বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্যদের অবদানের কথা স্মরণ করে বলেন, “এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষার আলোই ছড়ায়নি, বহু সমাজসেবী ও গুণী ব্যক্তিত্বের জন্ম দিয়েছে।” প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের এই গৌরবময় যাত্রা আগামী দিনেও যেন অটুট থাকে, সেই চেষ্টাই আমাদের। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি মূল্যবোধের পাঠও দিতে চাই আমরা।”

দিনটি স্মৃতিমেদুর করে তোলে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের গান, কবিতার মাধ্যমে। স্কুলের পুরনো দিনের স্মৃতি তুলে ধরেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। এমন সাড়ম্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করার ধনাত্মক দৃষ্টিতে দেখেছেন জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅরডিনেটর সোমনাথ চক্রবর্তী। তিনি বলেন, এই অনুষ্ঠান আরও একবার মনে করিয়ে দিল, বিদ্যাচক্র শুধুমাত্র একটি স্কুল নয়, এক অমূল্য ঐতিহ্যের নাম।







