
#মালবাজার: ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো মালবাজার শহর সংলগ্ন মেটেলী ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকার বাসিন্দারা এবং শহরের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার সেই উদ্দেশ্যেই প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ক্ষুদিরাম পল্লী এলাকায় রমজান পল্লী উদ্যোগ কমিটি। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৭ জন রক্তদান করেন।

এছাড়াও মালবাজার লাইনস ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য বিনামূল্যে চক্ষু এবং ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই সাথে দুজন প্রতিবন্ধী মহিলাকে ট্রাই সাইকেল এবং হুইলচেয়ার দান করা হয় এই শিবির থেকে। এই অনুষ্ঠানে মেটেলি ব্লকের জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী, এলাকার পঞ্চায়েত সদস্যা মঞ্জু রানী বসাক, মালবাজার লাইন্স ক্লাবের সভাপতি ধর্মেন্দ্র মিশ্রা, আয়োজক কমিটির সম্পাদক মফিজুল ইসলাম সহ লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগৃহীত রক্ত মাল বাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে সংগৃহীত করা হবে।
এদিন দ্বিতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালবাজার শহরের ক্যালটেক্স মোর এলাকায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে ১১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

প্রতিষ্ঠানের সেন্টার ইনচার্জ রমন প্রধান জানান, আমাদের এই প্রতিষ্ঠানের হোটেল ম্যানেজমেন্ট সহ নানা বিষয় বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। আজ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশীষ ঘোষ রায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। যার মাঝে রক্তদান শিবির ছিল।






