
#রায়গঞ্জ: প্রশাসনিকভাবে ঢাকে কাঠি পরলো সামনেই দুর্গাপূজার। এই উপলক্ষ্যে প্রশাসনিক সভার আয়োজন করা হল মঙ্গলবার। রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিধানমঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পৌর ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার এবার পুজোয় পুজো কমিটিগুলির জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করছে।

রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলি দপ্তরে দপ্তরে না গিয়ে একযোগে অনলাইন মাধ্যমে করতে পারবে পুজো কমিটি গুলি। এর ফলে অনেকটাই চাপ কমবে পুজো উদ্যোক্তাদের। তাদের মতে দৌড়ঝাঁপ না করে যেকোন ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। যদিও কাগজ পত্র বিষয়ে পুরসভা সহায়তা করেছেন কিন্তু অনলাইন হওয়াতে বাড়িতে বসেই এবারে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে।

এই প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সমস্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ১২৫টি ক্লাবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হল। পুজোর দিনগুলি যেন প্রত্যেকের কাছে আনন্দমুখর হয়ে ওঠে সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ।







