
#রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের যানজট সমস্যা সমাধানের জন্য পৌরবাসস্ট্যান্ডের পর এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস ডিপোর স্থান পরিবর্তনে উদ্যোগী হল প্রশাসন। রায়গঞ্জের কসবা নেতাজী মোড় সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে এই বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এর ফলে শহরের উপর থেকে বড় যাত্রীবাহী বাসের চাপ কমলেও, দুশ্চিন্তার ভাঁজ করেছে কসবা মোড় সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কপালে।

গত ১৩ই আগস্ট ওই অঞ্চলের প্রায় ৪০টি দোকানদারকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৫দিনের মধ্যে দোকান ভাঙ্গার নির্দেশ দেয় প্রশাসন। পুজোর মুখে এহেন নির্দেশে কার্যত দিশেহারা হয়ে ব্যবসায়ী সংগঠন এবং বিধায়কের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। এরপর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দ্বীপ বিশ্বাস এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শংকর কুন্ডু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন।

সেই সঙ্গে পূর্তদপ্তরের ওই জমি পরিদর্শনও করেন তারা। বিধায়ক আশ্বাস দেন আপাতত পুজোর মরসুম থাকায় এই উচ্ছেদ বন্ধ থাকবে এবং ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই বাসস্ট্যান্ডের কাজ শুরু হবে। ব্যবসায়ীরা এই প্রকল্পে যথেষ্টই খুশি কারণ তারা জানায় এই অঞ্চলে বাস স্ট্যান্ড পুনরনির্মাণ হলে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে। ব্যবসায়ী সমিতির সভাপতি প্রামানিক জানান,’উন্নয়ন হোক তবে তা ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়েই সম্ভব।’

বণিক সভার প্রতিনিধি শংকর কুন্ডুর মতে, রায়গঞ্জের উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্তই লাভজনক।’ বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে কসবা অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। তাই ব্যবসায়ীরা ও এতে সম্মতি জানিয়েছেন।’ এখন সমস্ত বাধা পেরিয়ে এই প্রকল্প কবে বাস্তবায়িত হবে এবং রায়গঞ্জবাসী কতটা লাভবান হবে তার পুরোটাই নির্ভরশীল সময়ের ওপর।






