#মালবাজার: বে-আইনি চুল্লু মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামবাসীদের আক্রান্ত হলেন মালবাজারে আবগারি দপ্তরের কর্মীরা। জখম হলেন অফিসার সুপ্রকাশ মন্ডল সহ অন্য এক আধিকারিক ও অন্যান্য কর্মীরা। তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালের এনে চিকিৎসা করা হয়।

জানাগেছে, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত চেল নদীর ধারে রয়েছে নেপুছাপুর মেচবস্তি।
বেশ কিছু দিন ধরেই এই এলাকায় চলছিল বে-আইনি চুল্লু মদের কারবার। এর আগেও কয়েক বার আবগারি দপ্তর এই এলাকায় অভিযান চালিয়ে বহু সামগ্রী বাজায়াপ্ত করেছিল। তবুও বে-আইনি মদের কারবার থামেনি।

বুধবার ভোরে মালবাজারের আবগারি দপ্তরের মুখ্য আধিকারিক সুপ্রকাশ মন্ডল ও জনা ত্রিশ কর্মী মেচবস্তিতে অভিযান চালায়। তারা বস্তিতে ঢুকতেই প্রায় জনা পঞ্চাশ গ্রামবাসী তাদের উপর হামলা চালায়। আবগারি কর্মীদের লক্ষ্য করে পাথর ছূড়তে থাকে। লাটি রড নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ।

আবগারি আধিকারিক সুপ্রকাশ মন্ডল জানান, আচমকা প্রায় ৫০ জন গ্রামবাসী ঘিরে ধরে পাথর ছুড়তে থাকে। তাদের হাতে লাঠি রড ছিল। তাদের ছোড়া পাথরের আঘাতে এক আবগারি কর্মী গুরুতর জখম হয়েছে। আমার মাথা ফেটেছে। একটা সেলাই পড়েছে। অন্য কয়েক কর্মীরাও জখম হয়েছে। তবু আমরা হাল ছাড়িনি। মদ তৈরির হাড়ি, ড্রাম, বাইক সহ অন্য সামগ্রী বাজায়াপ্ত করেছি। এরকম অভিযান চলবে।
খবর পেয়ে মাল থানার পুলিশও পৌঁছে যায়।






