#মালবাজার: সোমবার ছিল রাখীবন্ধন উৎসব। সাধারণত এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে তার দীর্ঘায়ু কামনা করে চলে মিষ্টি মুখ। এটাই আমাদের দেশের সনাতন রীতি। বর্তমান সময়ে পরিবেশ, বনের পশুপাখিদের রক্ষা করা এবং তাদের স্বাভাবিক জীবনধারা যাতে অব্যাহত থাকে তার দায়িত্বও মানুষের।

তাই পরিবেশ রক্ষার বার্তা দিতে চালসা ও লাটাগুড়ির পরিবেশ প্রেমীরা হাতি ও বনের গাছে রাখি পড়িয়ে দিল। এদিন চালসার “ন্যাচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার ” নামের পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা টিয়াবন এলাকার বনাঞ্চলে গিয়ে গাছের গায়ে রাখি পড়িয়ে দেয়।সংস্থার পক্ষে মানবেন্দ্র দে সরকার বলেন, পরিবেশের অন্যতম প্রধান অঙ্গ গাছ। গাছকে বাচিয়ে রাখতে হবে।

এই বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ। অপর দিকে লাটাগুড়ির এক পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা রামসাই, মেদলা এলাকায় গিয়ে বনদপ্তরের কুনকি হাতিদের রাখি পড়িয়ে দেয়। দেখা যায় হাতি গুলো রাখি পড়তে শুড় এগিয়ে দিতে থাকে। সংস্থার কর্মী ও মেয়েরা মাহুতদের সাহায্য নিয়ে ঢাউস আকারের রাখি হাতিদের কপালে পড়িয়ে দেয়।

সংস্থার কর্নধার অনির্বাণ মজুমদার জানান, হাতি ও মানুষের মধ্যে সংঘাত এড়াতে ও হাতিদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র অবাধ রাখার বার্তা দিতেই প্রতি বছর আমরা হাতিদের রাখি পড়াই। এদিন এই অনুষ্ঠান দেখতে অনেকেই ভীড় করে।






