

#মালবাজার: তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিয়ে নিখোঁজ হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক বৃদ্ধ। রবিবার বিকেল চারটের পর ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৬৫) নামে ওই বৃদ্ধ। তাঁর বাড়ি দক্ষিন ওদলাবাড়ির শান্তি কলোনি এলাকায়। ঘটনার পর থেকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা।

জানাগেছে , ২১ শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে স্থানীয় তৃনমূল কর্মীদের ভাড়া করা বাসে চেপে কলকাতায় গিয়েছিলেন রফিকুল ইসলাম। রবিবার বিকেলে সমাবেশের প্রায় শেষ লগ্নে প্রচন্ড বৃষ্টির মধ্যে ধর্মতলা বাসস্ট্যান্ডে যখন সবাই অপেক্ষা করছিলেন, তখন তিনিও উপস্থিত ছিলেন। আচমকাই দেখা যায় তিনি সেখানে নেই।

অনেক খোঁজাখুজি করেও কোনও সন্ধান না পেয়ে অবশেষে সোমবার সকালে দলের কর্মীরা নিখোঁজ রফিকুল ইসলামের ছবি সহ যাবতীয় তথ্য ময়দান থানার পুলিশের হাতে তুলে দেয়। যেহেতু তিনি মোবাইল ব্যবহার করেন না, তার জন্য আরও বেশি সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে সঙ্গীরা।

এ প্রসঙ্গে তৃনমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ বলেন, ‘হঠাৎ এই ঘটনায় দলের সকলেই উদ্বিগ্ন। বাকিরা ওদলাবাড়িতে ফিরে এলেও রফিকুল ইসলাম ফিরে না আসায় আমরা সকলেই চিন্তিত।’ পাশাপাশি রফিকুলের পরিবার জানায়, ‘জীবনে প্রথমবার কলকাতায় গিয়েছিলেন তিনি। প্রথম গিয়েই এমন কাণ্ড ঘটায় ভীষণ চিন্তায় রয়েছি আমরা। বিভিন্ন জায়গায় আমাদের তরফেও খোঁজ খবর নিচ্ছি। আশা করছি যেন তাড়াতাড়ি ফিরে আসে।’






