

#মালবাজার: একই দিনে একই শ্রমিক মহল্লায় দুই ঝুলন্ত দেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ডুয়ার্সের মাল ব্লকের সাইলি চাবাগান চেল লইন ডিভিশনের মন্দির লাইন শ্রমিক মহল্লায়। মৃতদের মধ্যে এক বৃদ্ধা ও এক মাঝ বয়সী ব্যক্তি রয়েছেন। মৃতা মহিলার নাম বিজো রারহা (৬২)। মৃত ব্যাক্তির নাম ভদ্রু কুজুর (৪৫)।

স্থানীয় শ্রমিক দের সুত্রে জানাগেছে, মৃতা বিজো বারহা তার ঘরে এক পুত্র সহ থাকতেন। ছেলেটি মদ পান করে অস্বাভাবিক আচরণ করত। মা’য়ের উপর অত্যাচার করত। বুধবার সকালে তার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতা চাবাগানের অবসরপ্রাপ্ত মহিলা শ্রমিক ছিলেন।

অপর দিকে ওই শ্রমিক মহল্লার কিছু দূরে অন্য একটি ঘরে থাকতেন চাবাগানের শ্রমিক ভদ্রু কুজুর। বেশ কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বর্তমানে একাই থাকতেন। বুধবার তারও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একই দিনে দুই ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।






