Explore

Search

September 12, 2026 10:00 am

IAS Coaching

উত্তর দিনাজপুরে ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে বিজেপির সাংবাদিক বৈঠক, মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ঘোষিত ‘সেবা সংকল্প অভিযান’কে সফল করতে মাঠে নামছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এই অভিযান নিয়ে বুধবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির জেলা কমিটি।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন মন্ডলের সভাপতি ও অন্যান্য পদাধিকারীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিরলস জনসেবা — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ২৫ বছরের রাজনৈতিক যাত্রা সেবা ও সংকল্পের প্রতীক। সেই উপলক্ষেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আগামী ১৭ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে সারা দেশজুড়ে।

তিনি বলেন, “নরেন্দ্র মোদীজি ২৫ বছর ধরে দেশের জন্য নিরলসভাবে সেবা করে চলেছেন। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী — তাঁর এই দীর্ঘ যাত্রা কেবল ক্ষমতার নয়, এটি জনকল্যাণ ও রাষ্ট্র নির্মাণের যাত্রা। সেই বার্তাই আমরা বুথ স্তর পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

সাংসদ জানান, এই অভিযানের অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি মন্ডল ও বুথে একগুচ্ছ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, উন্নয়নের প্রদর্শনী, গত ১১ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প — উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার সাফল্য তুলে ধরা হবে।

জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, এই অভিযান শুধু দলীয় কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। জেলার প্রতিটি কার্যকর্তাকে নিজ নিজ এলাকায় এই কর্মসূচি সফল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও এই সেবাযজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানানো হয় বৈঠক থেকে।

Advertisement
Live Cricket Score
upskillninja