
#মালবাজার: মঙ্গলবার দুপুরে ওদলাবাড়ি জাতীয় সড়কের চেল সেতুর উপর ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন শিশু ও মহিলা সহ মোট চারজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট ৪ চাকার গাড়ি ডামডিম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি বুলেট বাইক ও একটি স্কুটি আসছিল।

চেল ব্রিজ এলাকায় ছোট চারচাকা গাড়িটির সঙ্গে বুলেট বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বুলেট বাইকটি সামনে থাকা স্কুটিতে ধাক্কা মারে। পরপর সংঘর্ষের জেরে বুলেট বাইক ও স্কুটিতে থাকা দুই চালক, এক শিশু এবং এক মহিলা রাস্তায় ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, সংঘর্ষে বুলেট বাইকটি কার্যত দু’ভাগে ভেঙে যায়। একইসঙ্গে ছোট চারচাকা গাড়িটির সামনের এক পাশও দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারচাকা গাড়ি, বুলেট বাইক ও স্কুটি—তিনটি গাড়িই পুলিশ থানায় নিয়ে যায়। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।








