Explore

Search

September 12, 2026 12:27 pm

IAS Coaching

সেরা বিদ্যালয়ের সম্মান রায়গঞ্জ করোনেশনকে, নগদ অর্থ সহ নানা উপহার দিলেন মুখ্যমন্ত্রী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার-২০২৬’-এ সম্মানিত হল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হল সম্মাননা, নগদ এক লক্ষ টাকা সহ নানা উপহার।

শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার-২০২৬’-এর জন্য রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের নাম ঘোষণা করা হয়েছিল।

শনিবার, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার নিউটাউন কনভেনশন সেন্টারের হল-১-এ আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যালয়কে এই সম্মান প্রদান করা হয়। পুরস্কারের অংশ হিসেবে নগদ এক লক্ষ টাকা ছাড়াও বিদ্যালয়ের হাতে বিভিন্ন উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কারের অর্থ DBT-এর মাধ্যমে বিদ্যালয়ের অ্যাকাউন্টেও প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক কালিচরণ সাহার নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একটি দল কলকাতায় পৌঁছয়। দলের সঙ্গে ছিলেন সহকারী শিক্ষক অতুল রাজবংশী, সঞ্জিত গোস্বামী, পাউলুশ মূর্মূ এবং একজন করণিক।

পুরস্কার প্রাপ্তির পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিচরণ সাহা বলেন, “এই সম্মান রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তনীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিদ্যাসাগরের নামে এই পুরস্কার পাওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান এবং সার্বিক পরিবেশ আরও উন্নত করার ক্ষেত্রে এই সম্মান আমাদের অনুপ্রেরণা জোগাবে।”

এই সম্মান ঘিরে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তনীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। শিক্ষক দিবসের দিনে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের এমন স্বীকৃতি জেলার শিক্ষামহলেও বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ হিসেবে এই স্বীকৃতি আগামী দিনে আরও ভালো কাজ করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja