Explore

Search

September 12, 2026 12:27 pm

IAS Coaching

শহরজুড়ে রেস্তোরাঁয় প্রশাসনের অভিযান, বাজেয়াপ্ত খাদ্যদ্রব্য

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শুক্রবার রায়গঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে অভিযান চালাল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ব্লক প্রাথমিক স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি সেকশন ও রায়গঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে ঘড়ি মোড় সংলগ্ন মোহনবাটি এলাকায় এই অভিযান চলে।

অভিযানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তথা পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি, রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল-সহ খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকরা।

অভিযান চলাকালীন বেশ কিছু খাদ্যদ্রব্য এবং খাদ্যে ব্যবহৃত রং বাজেয়াপ্ত করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কিছু খাদ্য রংয়ের যথাযথ লেবেল ছিল না। পাশাপাশি একটি রেস্তোরাঁর বিরুদ্ধে অননুমোদিত খাদ্য রং এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়জাত পণ্য পাওয়ার কথা নির্দেশপত্রে উল্লেখ করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানে কয়েকটি রেস্তোরাঁর রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত আলোর অভাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। জল নিকাশি ব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার পাশাপাশি চিহ্নিত ত্রুটিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এই অভিযানের প্রসঙ্গে রায়গঞ্জের মহকুমা শাসক তথা পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি বলেন, শহরের রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলিতে খাদ্যের গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja