
#শুভজিৎ দাস, রায়গঞ্জ: শহর ও সংলগ্ন এলাকায় সরকারি জমি ও রাস্তার পাশে অনুমোদনহীন হোর্ডিং-ব্যানারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ত দপ্তর। রায়গঞ্জ থেকে ফতেপুর পর্যন্ত রায়গঞ্জ–কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর সড়কের (SH-10A) দু’পাশে থাকা অবৈধ হোর্ডিং ও স্থায়ী কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে উত্তর দিনাজপুর ডিভিশনের পূর্ত দপ্তর। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই নোটিসে বলা হয়েছে, ঘড়িমোড় থেকে রায়গঞ্জ হয়ে ফতেপুর পর্যন্ত রাস্তার দু’পাশে পূর্ত দপ্তরের জমিতে অনুমোদনহীনভাবে স্থায়ী হোর্ডিং কাঠামো তৈরি করা হয়েছে।

দপ্তরের সাইট পরিদর্শনে বিষয়টি নজরে আসার পরই এই নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, রাস্তার পাশে বেআইনি কাঠামো থাকার কারণে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই নোটিস জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের ওই কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হোর্ডিং না সরালে আইনানু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

উত্তর দিনাজপুর ডিভিশনের পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চক্রবর্তী-র স্বাক্ষরিত ওই নোটিসের প্রতিলিপি জেলা শাসক, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান, রায়গঞ্জ পুরসভার প্রশাসক এবং রায়গঞ্জের মহকুমাশাসকের কাছেও পাঠানো হয়েছে। সম্ভাব্য উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্যও মহকুমাশাসককে অনুরোধ করা হয়েছে।

পূর্ত দপ্তরের এই নির্দেশকে ঘিরে শহরজুড়ে রাস্তার ধারে থাকা বিভিন্ন অবৈধ ব্যানার, পোস্টার ও হোর্ডিং অপসারণের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।








