#মালবাজার: ইনডং – মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের পর মাটিয়ালি ব্লকের মাটিয়ালী বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোনীত হলেন বড়দিঘী চা বাগানের বিজেপির পঞ্চায়েত সদস্যা কুমার খেড়িয়া। মঙ্গলবায় কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধান গঠনের নির্বাচন সভা হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসেবে কুমার খেরিয়া মনোনীত হন। এদিন প্রধান মনোনীত হওয়ার পর আনন্দ উল্লাসে আবির খেলেন বিজেপির নেতাকর্মীরা।

নব মনোনীত প্রধানকে সাথে নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে উত্তর ধুপঝোরা বাজার পর্যন্ত হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। এই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৮। এই দিনে সভায় মোট ১৫ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের ৩ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন না সভায়।

উপস্থিত ১৫জন পঞ্চায়েত সদস্যের মধ্যে বিজেপির ৪,তৃণমূল কংগ্রেসের ১০ ও জাতীয় কংগ্রেসের ১ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষ থেকে কুমার খেড়িয়ার নাম প্রধান হিসাবে প্রস্তাব হয়। দ্বিতীয় কোন নাম উঠে না আসায় কুমার খেড়িয়াকে প্রধান হিসাবে সবাই মেনে নেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পদত্যাগ করেছিলেন। এর ফলে প্রধানের পথ শূন্য হয়ে যায়। সরকারি নিয়ম মত মঙ্গলবার নতুন প্রধান নির্বাচনের জন্য সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কুমার খেড়িয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসাবে মনোনীত হন।








