Explore

Search

September 12, 2026 12:27 pm

IAS Coaching

বিহারের কাছে হার, সুব্রত কাপ থেকে ছিটকে গেল নন্দঝাড়ের মেয়েরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শনিবার সকালটা দেখা দিল বেদনার রূপে। গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ দাপটের সঙ্গে জিতেও শেষ ম্যাচে বিহারের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে চলতি বছরের মতো জাতীয় পর্যায়ের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিল উত্তর দিনাজপুর জেলার নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুলের অনুর্ধ ১৭ দলের মেয়েরা।

এদিন সকালে দিল্লিতে অনুষ্ঠিত গ্রুপ লিগের শেষ ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল নন্দঝাড়ের মেয়েরা। প্রথমার্ধে দু’দলই একটি করে গোল করায় ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচের প্রথম ৩৫ মিনিট। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বিহারের মেয়েরা। পরপর আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এর ফলে গ্রুপ থেকে পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ পেল বিহার।

দলের কোচ চন্দন পাল বলেন, “গ্রুপ লিগে পরপর তিনটি ম্যাচ জেতার পর আজও শুরুতেই এক গোলে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারলাম না। মেয়েরা খুব ভালো খেলেছে। অভিজ্ঞতার অভাবেই মূলত আজকের ম্যাচে হারতে হল। তবে এই টুর্নামেন্ট থেকে ওরা প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। আগামী দিনে আরও ভালোভাবে ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “দল গঠন একদিনে হয় না। এবারের দলে কমবয়সী মেয়েদের সংখ্যা বেশি ছিল। তারা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারলে আগামী বছর আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে পারবে। আমাদের লক্ষ্য থাকবে আগামী বছর চ্যাম্পিয়ন হওয়ার।”

পরপর তিনটি ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে সুব্রত কাপে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল নন্দঝাড়ের মেয়েরা। শেষ ম্যাচে বিদায় নিলেও তাদের লড়াই এবং সাফল্য উত্তর দিনাজপুরের ক্রীড়ামহলে নতুন আশার আলো দেখিয়েছে। আগামী দিনের জন্য এই তরুণ দলকে ঘিরে তাই প্রত্যাশাও থাকছে।

Advertisement
Live Cricket Score
upskillninja