#মালবাজার: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক মহিলা মালবাজার বিডিও অফিসে এসে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। শুক্রবার এগারোটা নাগাদ মালবাজার বিডিও অফিস চত্বরে এসে হাজির হয় ওদলাবাড়ি, ডামডিম, তেশিমলা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক মহিলা।

তারা সমবেতভাবে বিডিও অফিসের সামনে চিৎকার করে বিক্ষোভ দেখাতে থাকেন। তেসিমলা গ্রাম পঞ্চায়েতের মহাকাল পুরের বাসিন্দা রেশমা বেগম বলেন, আমাদের জমি জায়গা কিছুই নেই। স্বামী রাজমিস্ত্রির কাজ করে আমরা কেন পাব না? ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শেফালী কর্মকার জানান, আমার স্বামী টোটো চালক ভাড়া বাড়িতে থাকি। কিন্তু, অন্নপূর্ণার টাকা পাইনি।

এদিন বিডিও প্রগতি বন্দ্যোপাধ্যায় তার দপ্তরে ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন
মাল থানার আইসি পেলজার ভুটিয়া সহ পুলিশ কর্মীরা। আইসি শ্রী ভুটিয়া বিক্ষোভে সামিল কথা বলেন এবং পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। আইসি মহিলাদের বলেন, আপনাদের নথিপত্র দিয়ে যান বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন মহলে কথা বলব। আইসি’র আশ্বাস পেয়ে মহিলাদের ক্ষোভ প্রশমিত হয় এবং তারা বাড়ির দিকে রওনা দেন।








