Explore

Search

July 23, 2026 1:35 am

IAS Coaching

মুদির দোকান থেকে রিকশা-টোটোতে পোষ্টার, ব্যাপক প্রচার সত্ত্বেও AIIMS নিয়ে অনিশ্চয়তায় রায়গঞ্জবাসী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ একসময় উত্তর দিনাজপুরের মানুষের অন্যতম বড় স্বপ্ন ছিল রায়গঞ্জে একটি AIIMS প্রতিষ্ঠা। সেই স্বপ্নকে ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, নাগরিক মঞ্চ এবং সাধারণ মানুষ ব্যাপক প্রচার চালিয়েছেন। মিছিল, সভা, স্বাক্ষর সংগ্রহ থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রচার—সব ক্ষেত্রেই ছিল AIIMS-এর দাবিতে সরব রায়গঞ্জ।

বর্তমানেও শহরের মুদির দোকান, চায়ের আড্ডা, রিকশা-টোটো কিংবা বাজারের অলিতে-গলিতে পোষ্টারিং দেখে, একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে—রায়গঞ্জে আদৌ কি AIIMS হবে? অবশ্য এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলায় অনিশ্চয়তা আরও বাড়ছে।

স্থানীয়দের একাংশের দাবি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জে একটি AIIMS অত্যন্ত জরুরি। বর্তমানে জটিল রোগের চিকিৎসার জন্য কলকাতা, শিলিগুড়ি কিংবা ভিনরাজ্যে ছুটতে হয় বহু রোগীকে। এতে সময়, অর্থ এবং দুর্ভোগ—সবই বাড়ে। তাই রায়গঞ্জ AIIMS চাই।

বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন দীর্ঘদিন ধরেই রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার দাবিতে সরব। রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন, ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সহ রায়গঞ্জ এইমস রূপায়ন নাগরিক মঞ্চ তেড়েফুঁড়ে নেমেছে নিজেদের দাবি আদায়ে। তাঁদের মতে, জেলার ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সম্ভাবনা বিবেচনায় রায়গঞ্জ একটি উপযুক্ত স্থান হতে পারে। AIIMS গড়ে উঠলে শুধু উত্তর দিনাজপুর নয়, মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এমনকি পার্শ্ববর্তী বিহারের একাংশের মানুষও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা, ব্যবসা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে যেতে পারে।

তবে এত প্রচার, দাবি এবং জনমতের পরেও এখনও পর্যন্ত AIIMS স্থাপন নিয়ে কোনও নিশ্চিত সরকারি ঘোষণা না আসায় হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে দ্রুত স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন, যাতে দীর্ঘদিনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটে।

রায়গঞ্জবাসীর আশা, রাজনৈতিক মতভেদ ভুলে সকল পক্ষ একসঙ্গে উদ্যোগ নিলে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপ এলে বহু প্রতীক্ষিত AIIMS-এর স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিতে পারে। আপাতত সেই আশাতেই দিন গুনছেন উত্তর দিনাজপুরের মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja